ঢাকা, শনিবার, ৬ জুন, ২০২৬

ভারতে জয়ার নতুন সিনেমার শুটিং শুরু

ads

ঈদুল আজহায় দেশের পর্দায় দেখা গেছে জয়া আহসানকে দুই ভিন্ন রূপে- রায়হান রাফীর ‘তাণ্ডব’ ও তানিম নূরের ‘উৎসব’-এ। দুটি সিনেমাই দর্শকপ্রিয়তা পেয়েছে এবং হলে টেনেছে বেশ ভালো সংখ্যক দর্শক। প্রশংসায় ভাসছেন এই গুণি অভিনেত্রী।


ঈদের আমেজ না কাটতেই নতুন একটি ভারতীয় সিনেমার শুটিং শুরু করেছেন জয়া আহসান। শনিবার কলকাতায় মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে কৌশিক গাঙ্গুলীর নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’-এর শুটিং। সেখানে যুক্ত হয়েছেন জয়া।‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েলধর্মী এই সিনেমায় আবারও জয়ার সঙ্গে থাকছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। নতুন করে যুক্ত হয়েছেন ইন্দ্রাশিস রায়। আগের গল্পের কয়েক বছর পর, একটি বিয়েকে ঘিরে আবার মুখোমুখি হয় সুমন, তার সাবেক স্ত্রী শুভ্রা ও বর্তমান স্ত্রী মেঘনা।


সিনেমা নিয়ে জয়া আহসান বলেন, “কৌশিক দার সঙ্গে আমরা খুব এনজয় করে কাজ করি। সহশিল্পী হিসেবে চূর্ণী গাঙ্গুলীকে আবারও পাওয়াটা দারুণ অভিজ্ঞতা। তার মতো শিল্পীর সঙ্গে অভিনয় মানেই নিজেকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলা।”


শুটিংয়ে যোগ দেওয়ার আগের দিন পর্যন্ত জয়া ঢাকায় ছিলেন ঈদের সিনেমাগুলোর প্রচারে ব্যস্ত। এই প্রসঙ্গে জয়া বলেন, “সিনেপ্লেক্সে ‘তাণ্ডব’ চলাকালে দর্শকের হাততালি, শিস-সবকিছুই প্রমাণ করে সিনেমাটি কতটা সাড়া ফেলেছে। আর ‘উৎসব’ নিয়ে দর্শকের অনুভূতি অনেকটাই আবেগঘন। অনেকেই বলছেন, সিনেমাটি দীর্ঘদিন মনে থাকবে।”


জানা গেছে, চলতি বছরেই মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত ‘আজও অর্ধাঙ্গিনী’।

ads
ads
ads

Our Facebook Page